অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের হেলপার গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার (১০ মে) দুপুরে উপজেলার মশরহাটী গ্রামে আকিজ রিসোর্সের কয়লা ডিপোর সামনে যশোর-খুলনা রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোনোয়ার হোসেন (৩৩) ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের আড়পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। আহত হেলপার রায়হান (২৯) একই ইউনিয়নের হাজিপুর মুন্দিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের ধাক্কায় চালক মোনোয়ার ট্রাক থেকে ছিটকে রেললাইনের ওপর পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় হেলপার রায়হানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা ওই রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত হেলপার রায়হান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে তারা ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-৭৮৩৬) নিয়ে আকিজ রিসোর্সের কয়লা ডিপোর সামনে পৌঁছান। সেখানে অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় যশোরগামী একটি ট্রেন ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে উল্টে যায়।
স্থানীয় মোটর শ্রমিক নেতা ও ট্রাকচালক নূর শেখ বলেন, ‘আকিজ রিসোর্সের ডিপোতে কয়লা আনতে এই রেললাইন পার হতে হয়। কিন্তু ক্রসিংটি অরক্ষিত হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। দ্রুত গেটম্যান নিয়োগ ও নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।’
এ ব্যাপারে নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার ইয়াসির আরাফাত জানান, ‘অরক্ষিত রেলক্রসিংয়ে যশোরগামী ‘মহানন্দা এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ট্রাকচালকের মৃত্যু হয়।’ তিনি আরও জানান, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।’