শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি সম্প্রসারণ ও কৃষকদের উদ্বুদ্ধ করণে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে সোমবার (১৮ মে) বেলা ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।
মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. তাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এর আগে র্যালি, বেলুন ও পায়রা উড়ানো হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির।
শ্রীপুর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাহিদ সুলতানা সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপি সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য আশরাফুল আলম জোয়ার্দার, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্বাস উদ্দিন প্রমুখ।
কৃষি মেলায় যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের বীজ, কৃষি যন্ত্রপাতি, সবজি ও ফলমূলের বিভিন্ন স্টল প্রদর্শন করা হয়। এছাড়া কৃষকদের মাঝে আধুনিক চাষাবাদ পদ্ধতি ও কৃষি বিষয়ক পরামর্শ প্রদান করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, কৃষকদের নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত করা এবং উৎপাদন বৃদ্ধি করতেই এ মেলার আয়োজন করা হয়েছে। মেলাটি আগামী তিন দিন সবার জন্য উন্মুক্ত থাকবে।