নিজস্ব প্রতিবেদক : বৈদেশিক নির্ভরতা কমিয়ে দেশীয় সম্পদের পূর্ণাঙ্গ ব্যবহারের প্রতি জোর দিয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সমৃদ্ধশালী অর্থনীতি বিনির্মাণে এবং ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নের মূল মেরুদণ্ড হচ্ছে জ্বালানি ও খনিজসম্পদ খাত। বুধবার গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় অবস্থিত কামতা-২ নম্বর কূপের স্পাড-ইন কার্যক্রমের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিদ্যুৎ ও জ্বালানি ছাড়া দেশের শিল্পায়ন সম্ভব নয়। বর্তমানে দেশে প্রায় ৫৭০টি শিল্পকারখানা গ্যাস সংযোগের জন্য প্রস্তুত হয়ে আছে। হাজার হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট আটকে আছে। আমরা যদি তাদের গ্যাস দিতে পারি, তবে লাখো মানুষের কর্মসংস্থান হবে; যা রাষ্ট্রের ট্রিলিয়ন ডলার ইকোনমির স্বপ্নকে সত্যি করে তুলবে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আমরা এমন একটি জায়গায় পৌঁছাতে চাই যেখানে চাহিদা ও সরবরাহের মধ্যে কোনো ব্যবধান থাকবে না। আমরা নতুন কূপ খননের বিষয়ে যেমন জোর দিচ্ছি ; একই সাথে পুরনো কূপগুলো সচল রাখার কাজ চালিয়ে যাচ্ছি। আমরা আশা করছি কামতা ২ এবং তিতাসের ৩টিসহ মোট ৪টি কূপ থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় গ্রিডে ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সংযুক্ত করা সম্ভব হবে। তিনি বলেন, পূর্ববর্তী সরকার বরাবরই দেশীয় কোম্পানীকে গুরুত্ব কম দিয়েছে। অথচ আমাদের দেশের প্রতিষ্ঠানগুলোতে আপনারা যারা কাজ করেন, তারা যথেষ্ঠ মেধাবী, উচ্চশিক্ষিত এবং যোগ্য। আমরা এই মেধা ও দক্ষতাকে কাজে লাগাতে চাই। কূপ খনন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান মো: আব্দুল মান্নান, পরিচালক (অর্থ) এ,কে,এম, মিজানুর রহমান, পরিচালক (অপারেশন্স এন্ড মাইন্সমো) মোঃ রফিকুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো: আবদুল জলিল, বিজিএফসিএল এর প্রকৌশলী এ,কে,এম, জসীম উদ্দিন, সিসিডিসির ব্যবস্থাপনা পরিচালক লিও শাওমিং প্রমুখ।