নিজস্ব প্রতিবেদক : জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং জীববৈচিত্র্য রক্ষার প্রত্যয় নিয়ে যশোরে শুরু হলো স্বেচ্ছাসেবী সংগঠন ‘নবচেতনা অ্যাকশন ফর চেঞ্জ’-এর ২ মাসব্যাপী পারিবারিক ও সামাজিক বনায়ন কর্মসূচি। শুক্রবার ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যশোরের বাহাদুরপুর আল-মোহাম্মাদিয়া হাউজিং প্লট জামে মসজিদ প্রাঙ্গণে ফলজ ও ওষুধি গাছ রোপণের মাধ্যমে এই গ্রিন ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
‘একটি গাছ হাজার প্রাণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এবারও মাঠপর্যায়ে বনায়ন কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি।
উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের প্রধান সমন্বয়কারী মোঃ মিলন সেখ বলেন, এ বছর আমাদের মূল লক্ষ্য যশোর সদরের আশপাশের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করা। এই ক্যাম্পেইনের আওতায় ৩ হাজার শিক্ষার্থীর মাধ্যমে ৩ হাজার ফলদ গাছ রোপণ করা হবে। শুক্রবার থেকেই আমাদের এই পারিবারিক ও সামাজিক বনায়ন ক্যাম্পেইন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল।
পরিবেশ সুরক্ষায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
বনায়ন কর্মসূচির এই উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নবচেতনা অ্যাকশন ফর চেঞ্জের বর্তমান সভাপতি তুষার চক্রবর্তী, সাবেক সভাপতি সাংবাদিক মনিরুজ্জামান মুনির এবং সংগঠনের একঝাঁক সবুজপ্রেমী স্বেচ্ছাসেবক।
উল্লেখ্য, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে ‘নবচেতনা অ্যাকশন ফর চেঞ্জ’ যশোরসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবছর নিয়মিত ও স্বেচ্ছায় বনায়ন কর্মসূচি পরিচালনা করে আসছে। আগামী দুই মাসব্যাপী এই বৃক্ষরোপণ ও সচেতনতা অভিযান অব্যাহত থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।