নিজস্ব প্রতিবেদক : সরকারি নির্দেশ অমান্য করে নির্ধারিত সময়ের পরও দোকান খোলা রাখায় শহরের দড়াটানা মোড়ে দুইটি স্পোর্টস দোকানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাত ৯টার দিকে পরিচালিত অভিযানে “নিউ যশোর স্পোর্টস” ও “সুজন স্পোর্টস” নামের দুইটি প্রতিষ্ঠানকে এক হাজার টাকা করে দুই হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামিউল আলম। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারি নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার কথা থাকলেও ওই দুইটি দোকান খোলা রেখে বেচাকেনা চালিয়ে যাচ্ছিল। সরকারি নির্দেশনা লঙ্ঘনের দায়ে ভোক্তা ও জনস্বার্থ বিবেচনায় দোকান দুইটিকে জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে সরকারি নির্দেশনা মেনে ব্যবসা পরিচালনার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।