Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒চির প্রতিদ্বন্দ্বী দুই দলের ভক্তদের শক্তি প্রদর্শন

যশোরে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের পাল্টাপাল্টি মোটরশোভাযাত্রা

এখন সময়: বৃহস্পতিবার, ১৮ জুন , ২০২৬, ১২:০৫:১৭ এম

নিজস্ব প্রতিবেদক : মাঠে বল গড়ানোর আগেই ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থনে এখন উৎসবের নগরী যশোরের বাঘারপাড়া। ঢাক-ঢোল আর বাদ্যযন্ত্রের তালে রাজপথ কাঁপালেন ব্রাজিলের কয়েক শত সমর্থক। নেচে-গেয়ে পুরো শহর জুড়ে শোডাউন করেন সেলেসাও ভক্তরা। জানান দেন নিজেদের শক্তিমত্তা ও জনপ্রিয়তার।
সোমবার দুপুর গড়ানোর সাথে সাথে ব্রাজিল সমর্থকরা প্রিয় দলের হলুদ জার্সি পরে, জাতীয় পতাকা হাতে নিয়ে বাঁশি বাজিয়ে বাঘারপাড়া পাইলট বিদ্যালয় মাঠে জড়ো হতে থাকেন। এসব বিভিন্ন বাধ্য যন্ত্রের তালে তালে নেচে উল্লাস করেন। পরে শতাধিক মোটরসাইকেলের বহর সমর্থকদের উল্লাসে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ব্রাজিলপ্রেমীদের প্রত্যাশা-এবারের আসরে ষষ্ঠবারের মতো (হেক্সা) বিশ্বকাপ জিতবে তাদের প্রিয় দল। পাশাপাশি আর্জেন্টিনার সমর্থকদের করেন নানা কটাক্ষও।
সাজ্জাদ হোসেন নামে এক ব্রাজিল সমর্থক বলেন, ‘ব্রাজিলের জার্সির বাম পাশে পাঁচ স্টার। আর এক দলের তিন স্টার। তিন স্টারের শুধু মুখের জোর। ফুটবলের সৌন্দর্য ব্রাজিল। পাঁচটা স্টারের ওজনে আমাদের বামপাশ ভারি হয়ে যায়। এবার ব্রাজিল হেক্সা মিশন শেষ করবে।’ তামিম নামে আরেক সমর্থক বলেন, ‘একটি দলে এক জন স্টার থাকে কিন্তু ব্রাজিল দলে সকলেই স্টার। ব্রাজিলের ফুলবল দলের প্রতিটা খেলোয়ার বিশ্বের নামি দামি ক্লাবে খেলে থাকে। ব্রাজিল দলের গোলকিপারকে সবাই বলে বাজপাখি। ছোটবেলা থেকে এ দলটি সাপোর্ট করি। গত বিশ্বকাপে বিশ্ববাসীকে হতাশ করলেও এবার নান্দনিক খেলার মধ্যে দিয়ে সমর্থকদের আশা-আকাক্সক্ষা পূরণ করবে।’
অন্যদিকে পিছিয়ে নেই আলবিসেলেস্তে সমর্থকরাও। প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা জানাতে বিশাল মোটরশোভাযাত্রা বের করেন তারাও। ছোট-বড় নীল-সাদা পতাকায় রঙিন হয়ে উঠে বাঘারপাড়া পৌর শহর। এ সময় স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ। প্রায় এক ঘণ্টা চলে তাদের এ কর্মসূচি। এ সময় পথচারী ও দোকানিরাও তাদের সঙ্গে স্লোগানে অংশ নিতে দেখা যায়। জাদুকরি ফুটবলার মেসির সমর্থকেরা এবারও বিশ্বকাপ জেতবার আশাবাদ ব্যাক্ত করার পাশাপাশি জবাব দেন ব্রাজিল সমথর্কদের কটাক্ষের।
রাকিব হোসেন নামে আর্জেন্টিনার এক সমর্থক বলেন, ‘ব্রাজিল সমর্থকেরা এই রঙিন যুগে বিশ্বকাপ নিতে দেখেনি। বিশ্বকাপ শুরু হলেই বলে হেক্সা মিশন শেষ করবে। বিশ্বকাপে দেখা যায় চোখের পানি আর নাকে পানি এক করে ফেলেছে। আসলেই ব্রাজিল সমর্থকদের ওসব চাপাবাজী। আজ যখন ওরা মিছিল বের করে তখন; তাদের ‘সেভেন আপ’ খাওয়াতে চেয়েছিলাম। তবে বাজারে পাইনি। ফুটবলের সৌন্দর্য হলো মেসি। আশাকরি নান্দনিক খেলার মধ্যে দিয়ে এবারও মেসির হাতে বিশ্বকাপ উঠবে এবং মেসি ভক্তরা উদযাপন করবে।’
ফয়সাল নামে আরেক সমর্থক বলেন, ‘ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় মেসি আর্জেন্টিনার প্রাণ। ফুটবল মানে মেসি। চ্যাম্পিয়ন ট্রফি আরোও একবার মেসি হাতে নেবেন, এমনটাই দেখতে চাই। যারা পাঁচটা স্টার দেখে বা বাপ দাদার সম্পত্তি মনে করে দল সার্পোট করে; তারা কে কি বললো সেটা যায় আসে না!
এদিকে, এবারের ফিফা ফুটবল বিশ্বকাপ নিয়ে সমগ্র যশোরে বিভিন্ন ফুটবল দলের সমর্থকদের মধ্যে শুরু হয়েছে উন্মাদনা। বিভিন্ন বাসাবাড়ির ছাদে, রাস্তার পাশে টানানো হয়েছে প্রিয় দলের পতাকা। কার চেয়ে কে বড় পতাকা টানাবে, এই প্রতিযোগিতাও শুরু হয়েছে। শহর কিংবা গ্রামের দোকানগুলোতে চলছে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানিসহ বিভিন্ন দলের পতাকা বিক্রির ধুম। তবে ফুটবল বিশ্বকাপ কিংবা বড় কোনো টুর্নামেন্ট এলেই ব্রাজিল ও আর্জেন্টিনা এই দুই দলের চিরন্তন এই উন্মাদনা যেন রূপ নেয় এক মহা উৎসবে। আর এই আনন্দ মিছিলের মধ্য দিয়ে দুই দলের সমর্থকরাই নিজ নিজ দলের শ্রেষ্ঠত্বের জানান দিচ্ছেন। তবে কারও প্রতি কোনও রকম বিদ্বেষ বা হিংসা না ছড়িয়ে মানুষের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বৃদ্ধি করার আহ্বান সচেতন মহলের।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)