নিজস্ব প্রতিবেদক : মণিরামপুরের স্মরণপুর গ্রামে নাতনিকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় রাজমিস্ত্রি এনামুল হোসেন হত্যা মামলার দুই আসামিকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। আটককৃতরা হলো- মামলার এজাহারভুক্ত আসামি ঝিকরগাছা উপজেলার ফারাসাতপুর গ্রামের রাব্বি ও রাকিব। বুধবার দিবাগত গভীর রাতে যশোর সদর উপজেলার কিসমত নওয়াপাড়া এলাকার রজনীগন্ধা তেলের সামনে থেকে তাদের আটক করা হয়। নিহত এনামুল হোসেন ঝিকরগাছা উপজেলার ফারাসাতপুর গ্রামের মৃত রহিম সরদারের ছেলে। র্যাব-৬ যশোর কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স জানান , তারা ঢাকায় আত্মগোপনে ছিলো। সায়রা পরিবহনের একটি বাসে করে তারা যশোরে আসছে এমন সংবাদ আসে র্যাবের কাছে। তাৎক্ষণিক যশোর-মাগুরা সড়কের নওয়াপাড়ার রজনীগন্ধা পাম্পের সামনে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করা হয়। এর মধ্যে সারা পরিবহনের যাত্রাবাড়ী পাঁচটি চেকপোস্টের সামনে আসলে আমিও তল্লাশি করে রাব্বি ও রাকিবকে আটক করা হয়। উল্লেখ্য, গত ৯ জুন রাতে মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের স্মরণপুর গ্রামে তিন রাস্তার মোড়ে এনামুল হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। এ মামলার এজাহার নামীয় আসামি আটক রাব্বি ও রাকিব।