কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : দেশজুড়ে চলছে তীব্র তাপদাহ। এরিমধ্যে সড়কে পথচারীদের স্বস্তি দিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট। তারা বৃহস্পতিবার সকালে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে রিকশাচালক, দিনমজুর ও পথচারীদের মাঝে ছাতা ও হাতপাখা বিতরণ করেন। একই সঙ্গে হিট স্ট্রোকসহ গরমজনিত বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কেও জনসচেতনতামূলক প্রচারণা চালান।
ব্যাতিক্রমী এ অনুষ্ঠানের উদ্বোধন শেষে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, বর্তমান তীব্র তাপদাহে সবচেয়ে বেশি কষ্টে আছেন খেটে খাওয়া মানুষ ও পথচারীরা। যুব রেড ক্রিসেন্টের এই মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যদি এভাবে অসহায় ও কর্মজীবী মানুষের পাশে দাঁড়ায়, তাহলে দুর্যোগ মোকাবিলা আরও সহজ হবে। একই সঙ্গে সবাইকে পর্যাপ্ত পানি পান, প্রয়োজন ছাড়া রোদে বের না হওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।
কালীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্টের দলনেতা তৌহিদুল ইসলাম বলেন-তীব্র গরমে সাধারণ মানুষের কষ্ট কিছুটা লাঘব করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও মানবিক ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। তাদের সংগঠনের একঝাঁক স্বেচ্ছাসেবক ওই বিতরণ কার্যক্রম ও সচেতনতামূলক প্রচারণায় অংশ নেন।
ভূত্তভোগী ও স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রচণ্ড গরমে ছাতা ও হাতপাখা বিতরণ কর্মজীবী মানুষের জন্য তাৎক্ষণিক স্বস্তি এনে দিয়েছে। পাশাপাশি স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতেও এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।