শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ২৮৫ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক এস্কাফ সিরাপ ও ১০ বোতল ফেন্সিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৬ জুন) রাত ১০টার সময় খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায়। বিজিবি সূত্রে জানা যায়, বেনাপোল সীমান্তের পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ২৮৫ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ এবং ১০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ১৮ হাজার টাকা। খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় এসকল মাদক জব্দ করা হয়।