নিজস্ব প্রতিবেদক : যশোরের বেনাপোলে আরিফুল ইসলাম সেন্টু নামে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
হামলায় তার হাত ভেঙে গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করেছেন। বর্তমানে তিনি শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহত আরিফুল ইসলাম সেন্টু বাংলা টিভির বেনাপোল প্রতিনিধি হিসেবে কর্মরত।
সাংবাদিক আরিফুল ইসলাম সেন্টুর অভিযোগ, একটি বিয়ে সংক্রান্ত বিষয়ে তার ভাই একজন সাক্ষী ছিলেন। ওই বিষয় নিয়ে বৃহস্পতিবার একটি শালিশ বৈঠকের আয়োজন করা হয়েছিল। তিনি সেখানে যাওয়ার পথে কাগজপুকুর বাজার মোড়ে পৌঁছালে ঝন্টু নামে পরিচিত এক ব্যক্তির নেতৃত্বে ৫ থেকে ৭ জনের একটি দল তার মোটরসাইকেলের গতিরোধ করে।
তার দাবি, কিছু বুঝে ওঠার আগেই হামলাকারীরা রড ও দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর আক্রমণ চালায়। এতে তিনি গুরুতর আহত হন। একপর্যায়ে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
আরিফুল ইসলাম সেন্টু আরও অভিযোগ করেন, হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অতীতে আওয়ামী লীগের কর্মী হয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে। বর্তমানে দলবদল করে সেই একই অপরাধমূলক কর্মকাণ্ড করে বেড়াচ্ছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
এ বিষয়ে শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি ও কাগজপুকুর গ্রামের বাসিন্দা আমিরুল ইসলাম বলেন, অপরাধীরা সব সময় ক্ষমতাসীন বা প্রভাবশালী রাজনৈতিক পরিচয় ব্যবহার করার চেষ্টা করে। তবে ঝন্টু নামের ওই ব্যক্তিকে আমি ব্যক্তিগতভাবে তেমন চিনি না। বিএনপি কোনো অপরাধীকে আশ্রয়-প্রশ্রয় দেয় না।
ঘটনার পর স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।