নিজস্ব প্রতিবেদক : যশোরের চৌগাছায় খেলার ছলে আগুন লাগিয়ে দেয়ায় একটি বসতবাড়ির ছাদে রাখা বিচালির গাদায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার।
রোববার (১৪ জুন) বেলা দেড়টার দিকে চৌগাছা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পাঁচনামনা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,পাঁচনামনা গ্রামের মো. রিপন হোসেনের একতলা পাকা বসতবাড়ির ছাদে রাখা বিচালির গাদায় একই পরিবারের চার বছর বয়সী শিশু মিহান খেলার ছলে আগুন ধরিয়ে দেয়। কিছুক্ষণ পর ছাদ থেকে ধোঁয়া বের হতে দেখে পরিবারের সদস্যরা বিষয়টি টের পান এবং দ্রুত চৌগাছা ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে প্রায় ১০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।