নিজস্ব প্রতিবেদক : অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যশোর জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন ) দুপুরে শহরের লালদিঘিপাড়স্থ দলীয় কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক এম. এম. আলী রোড হয়ে গাড়িখানা, দড়াটানা মোড় এবং গরীব শাহ মাজার প্রদক্ষিণ করে। পরে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন যশোর জেলা যুবদলের আহবায়ক এম. তমাল আহমেদ, সদস্য সচিব আনছারুল হক রানা। সমাবেশে বক্তারা অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে এই ধরনের অপরাজনীতির বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সবসময় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বিক্ষোভ মিছিলে জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।