নিজস্ব প্রতিবেদক : সম্মাননা স্মারক ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে রোববার শেষ হয়েছে যশোর টাউন হল ময়দানের ১০ দিনের বিসিক উদ্যোক্তা মেলা। ১৯ জুন জেলা প্রশাসনের সহযোগিতায় বিসিক জেলা কার্যালয়ের উদ্যোগে এই মেলার উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। রোববার মেলা মঞ্চে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সুজন সরকার, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি যশোরের সভাপতি মিজানুর রহমান খান, সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর ইনস্টিটিউট এর সাধারণ সম্পাদক এজেডএম সালেক স্বপন এবং নাসিব (বাংলাদেশ ক্ষুদ্র ও কুঠিরশিল্প সমিতি) যশোরের সভাপতি সাকির আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক এম এনাম আহমেদ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উদ্যোক্তা সুফিয়া মাহামুদ রেখা, ইয়াসিন আরাফাত টিপু প্রমুখ। মেলায় মোট ৬০ স্টলের মধ্যে সার্বিক বিবেচনায় চারটি স্টলকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে প্রথম স্থান অধিকার করেছে সানন্দা বুটিক এন্ড মিনি গার্মেন্ট। প্রতিষ্ঠানটির পক্ষে পুরস্কার গ্রহণ করেন সুফিয়া মাহামুদ রেখা, দ্বিতীয় হয়েছে যৌথভাবে জুম বাজার ও মেঘমালা। প্রতিষ্ঠান দুটির পক্ষে পর্যায়ক্রমে পুরস্কার গ্রহণ করেন শিরিন আক্তার রেখা ও আরিফা নাজনিন। এবং তৃতীয় হয়েছে তাঁতপল্লী। প্রতিষ্ঠানটির পক্ষে মোস্তাফিজুর রহমান পুরস্কার গ্রহণ করেন। এছাড়াও বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে তিনটি প্রতিষ্ঠানকে। প্রতিষ্ঠানগুলো হল ওরিয়েন্ট ফুড প্রোডাক্ট, এম ইউ সি ফুড লিমিটেড ও ওমর এন্ড সন্স।