Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যবিপ্রবিতে খেলা দেখাকে কেন্দ্র করে মারামারি, সাংবাদিকদের ওপর হামলা, তদন্ত কমিটি গঠন

এখন সময়: বৃহস্পতিবার, ৯ জুলাই , ২০২৬, ১২:২৬:৩০ এম

যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বিশ্বকাপ খেলা দেখাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ সময় ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদের ওপর হামলা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে মারমুখী শিক্ষার্থীরা। এ ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে ফুটবল ম্যাচ প্রদর্শনকালীন এ সংঘর্ষের সূত্রপাত হয়। এদিকে এআইএস বিভাগের শিক্ষার্থীকে মারধরের ঘটনায় বুধবার (৮ জুলাই) বেলা ১১ টায় প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করে। এ বিষয়ে বুধবার গঠিত হওয়া ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করা হয়। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টসূত্রে জানা যায়, জিমনেসিয়ামে আর্জেন্টিনা-মিশর মধ্যকার ফুটবল ম্যাচ প্রদর্শনকালীন দুইপক্ষের শিক্ষার্থীদের মধ্যে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে ও মারামারি শুরু হয়। খেলা শেষে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম (এআইএস) বিভাগের শিক্ষার্থী মোঃ সাইফুল্লাহ জিমনেসিয়াম থেকে বের হয়ে শহীদ মিনারের কাছাকাছি আসলে তার ওপর হামলা করে আগে থেকে বাইরে অবস্থান নেয়া পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের শিক্ষার্থীরা। ওই সময় মারধরের ভিডিও ধারণ করতে গেলে দৈনিক জনকন্ঠের প্রতিনিধি মোঃ ইমরান হোসেন, দ্যা ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি মোঃ সাব্বির আহম্মেদ, সংবাদ পরিক্রমার প্রতিনিধি মাহফুজুল ইসলামের ওপর উপর্যুপরি মারধর, হুমকি এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এঘটনায় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে আহত সাংবাদিকরা। অভিযোগপত্রে সাংবাদিকরা উল্লেখ করেন, পেশাগত দায়িত্ব পালনকালে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত। এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও স্বাধীন সাংবাদিকতার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। হামলাকারীরা হলেন-পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কিবরিয়া, ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের আহাদ হোসেন সৈকত, পদার্থবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের সুজয় দাস এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাহাফিজসহ আরো অনেকে। লিখিত অভিযোগপত্রে এআইএস বিভাগের শিক্ষার্থীরা বলেন, আমাদের একজন সহপাঠী মোঃ সাইফুল্লাহকে ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আগামী ৭২ ঘণ্টার মধ্যে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। প্রশাসনের উপর আমাদের পূর্ণ আস্থা আছে এবং আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এসময় যবিপ্রবি উপাচার্য তাদেরকে সঠিক বিচার হবে বলে আশ্বস্ত করেন। অভিযোগের বিষয়ে প্রক্টর ড. মোঃ হামিদুর রহমান বলেন- আমরা ইতোমধ্যেই কাজ শুরু করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকেও তদন্ত কমিটি গঠন করা হবে। আমাদের কাছে সিসিটিভি ফুটেজ, ভিডিওসহ প্রয়োজনীয় যতগুলো তথ্য-প্রমাণ রয়েছে সবগুলো প্রমাণ পর্যালোচনা করে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সার্বিক বিষয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ ইয়ারুল কবীর বলেন-বিশ্ববিদ্যালয়ে কোনরকম মারামারি বা সন্ত্রাসী কার্যক্রমের কোন সুযোগ এখানে নেই। ক্যাম্পাসে এ ধরনের মববাজি বা বিশৃঙ্খলা মেনে নেয়া হবে না। আমরা খুব দ্রুততম সময়ে প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)