শেখ কাজিম উদ্দিন, বেনাপোল: যশোরের শার্শা উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ বাপ্পি হোসেন নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৮ জুলাই) খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির অধীনস্থ গোগা বিওপির সদস্যরা দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে তাকে আটক করেন। আটক বাপ্পি হোসেন যশোর জেলার শার্শা উপজেলার দাদখালী গ্রামের লাভলু হোসেনের ছেলে। খুলনা ব্যাটালিয়নের ২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান এক প্রেস ব্রিফিংয়ে জানান, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোগা বিওপির সদস্যরা অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবাসহ ওই ব্যক্তিকে আটক করেন। তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।