স্পন্দন ডেস্ক : চট্রগ্রামের সাতকানিয়ায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামসহ দেশের বন্যাদুর্গত মানুষের পাশে আছে এবং থাকবে। তিনি বলেন বন্যার্তদের তিন বেলা খাবার, চিকিৎসাসহ প্রয়োজনীয় সবকিছু করতে অঙ্গীকারবদ্ধ সরকার। তিনি আরো বলেন, বন্যার পানি নেমে যাওয়ার পরবর্তীতে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন করার জন্য সরকারের প্রতিটি বিভাগ সমন্বিত ভাবে কাজ করবে। ১৩ জুলাই চট্রগ্রামের সাতকানিয়া উপজেলার দুর্গম এবং পানিতে তলিয়ে যাওয়া বিস্তৃর্ণ কেঁওচিয়া ইউনিয়নের কেঁওচিয়া, ধর্মপুর ও সদর উপজেলা প্রাঙ্গণে ত্রাণ বিতরণের সময় দুর্গত মানুষদের আশ্বস্ত করে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, আমরা জানি গত সাত দিন যাবত আপনারা অনেক কষ্টের মধ্যে দিন পার করছেন। আমরা সৃষ্টিকর্তার দরবারে প্রার্থনা করি যেন এ কষ্টের দিন দ্রুতই শেষ হয়। আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের আশ্বস্ত করতে চাই প্রতিটি দুর্গত মানুষ, প্রতিটি কষ্টে থাকা মানুষ, প্রতিটি নিরন্ন মানুষের কাছে ইনশাআল্লাহ এ সরকার খাবার পৌঁছে দেবে। জনাব অনিন্দ্য ইসলাম অমিত বলেন, শুধু এসময় আমরা আপনাদের মুখে খাবার তুলে দেব তাই নয়; পানি কমে যাবার পরে যাদের বাসা-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, সে বাসা-বাড়ি মেরামতের খরচও ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের তরফ থেকে দেয়া হবে। যাদের ফসলের খেত নষ্ট হয়েছে, মাছের ঘের ভেসে গেছে, গবাদি পশুর ক্ষয়-ক্ষতি হয়েছে; তারাও যেন ক্ষতি পুষিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, তার জন্য সরকারের তরফ থেকে আমরা উদ্যোগ নেব। তিনি বলেন, উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসন প্রথম দিন থেকেই দুর্গত মানুষের কষ্ট লাঘবে কাজ করছে। স্থানীয় এমপিও শুরু থেকে কাজ করছেন। বিএনপির স্থানীয় নেতা কর্মীরা তাদের মত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এসেছি এ কাজের সমন্বয় সাধন করতে এবং আপনাদের কষ্টে পাশে থাকতে। বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যরা স্পিডবোট নিয়ে যেভাবে পানিতে তলিয়ে যাওয়া এলাকাগুলোর আশ্রয়কেন্দ্রের নিরুপায় মানুষের কাছে ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছে যাচ্ছে; সেজন্য তিনি সেনাবাহিনী ও বিমানবাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, পুলিশ সুপার মো মাসুদ আলম সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে যশোরের জাগরণী চক্র ফাউন্ডেশনের পক্ষ থেকে সাতকানিয়া কর্নেল ওলি আহমেদ ডিগ্রি কলেজের সামনে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এ সময় তাদের ত্রাণ বিতরণে অংশ নেন। পরে তিনি কক্সবাজারের পথে রওনা হন।