অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে একই রাতে তিনটি দরিদ্র পরিবারের ছয়টি গরু চুরি করেছে সংঘবদ্ধ চোরচক্র। বুধবার (২৯ জুলাই) দিবাগত রাতের শেষ প্রহরে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের দাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। চোরেরা একটি দুধেল গাভী ও মাত্র একদিনের বাছুরও নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, আব্বাস গাজীর গোয়ালঘর থেকে দুটি এঁড়ে গরু, দুলাল মণ্ডলের গোয়ালঘর থেকে একটি এঁড়ে গরু এবং প্রদীপ বিশ্বাসের গোয়ালঘর থেকে একটি দুধেল গাভী, একদিনের বাছুর ও আরও দুটি গরু চুরি হয়। অভিযোগ, গভীর রাতে ট্রাকে করে এসে চোরচক্র গরুগুলো তুলে নিয়ে যায়। একই রাতে ছয়টি গরু চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, গরুগুলোই ছিল তাদের জীবিকার প্রধান অবলম্বন। বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়েবুর রহমান বলেন, এক রাতে তিনটি অসহায় পরিবারের ছয়টি গরু চুরি হওয়ায় তারা প্রায় সর্বস্বান্ত হয়ে পড়েছেন। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য সাত থেকে আট লাখ টাকা। এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান বলেন, খবর পেয়ে ভাটপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, বাগেরহাটের ফকিরহাট থানার একটি গরু চুরি মামলার তদন্তে খুলনার তেরখাদা উপজেলায় অভিযান চালিয়ে পুলিশ একটি ট্রাকসহ ১১টি গরু উদ্ধার করেছে। উদ্ধার হওয়া গরুগুলোর মধ্যে অভয়নগর থেকে চুরি হওয়া ছয়টি গরুও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভাটপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুয়েল হোসেন জানান, উদ্ধার হওয়া গরুগুলোর পরিচয় শনাক্তের কাজ চলছে। আইনগত প্রক্রিয়া শেষে প্রকৃত মালিকদের কাছে গরুগুলো হস্তান্তর করা হবে।