নিজস্ব প্রতিবেদক : যশোরের নিউ মার্কেট এলাকার অর্ণব ঘোষ ডেয়ারি ও পালবাড়ির শাহ সুইসে অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই ডেইরি ব্যবসা পরিচালনা এবং মিষ্টির উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করা ও ওজন-পরিমাপে অনিয়মের দায়ে তাদের এ জরিমানা করা হয়। সোমবার পরিচালিত এ অভিযানের নেতৃত্বদেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীম বিনতে মুস্তাফিজ। উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের পরিদর্শক রাকিব ইসলাম, সাব্বির আহমেদ ওআইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অভিযান সূত্রে জানা যায়, যশোর নিউমার্কেটে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই ডেইরি ব্যবসা পরিচালনা করছিল অর্পণ ঘোষ ডেয়ারি। এ অভিযোগে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের নামে মামলা দিয়ে ১৫ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। অন্যদিকে, শহরের পালবাড়ি মোড়ে অবস্থিত শাহ সুইটসে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় দোকানে রাখা মিষ্টির উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ ছিলনা এবং ওজন ও পরিমাপে অনিয়ম পাওয়া যায়। এসব অপরাধে শাহ সুইটস কর্তৃপক্ষের নামে মামলা দিয়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় মিষ্টির উৎপাদন ও মেয়াদসংক্রান্ত তথ্য এবং ওজনের পরিমাণ যথাযথভাবে উল্লেখ করার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারীকে সতর্ক করা হয়। ভোক্তার স্বার্থ সংরক্ষণ, পণ্যের মান নিশ্চিত করা এবং ওজন ও পরিমাপে স্বচ্ছতা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ।