নিজস্ব প্রতিবেদক: ত্রৈমাসিক সংগীত আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে যশোর সুরবিতান সংগীত একাডেমির দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের। শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে একাডেমির শিশু-কিশোর ও খুদে শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ঠিক সন্ধ্যা ছয়টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জনপ্রিয় ছড়াগান ‘ভোর হলো দোর খোলো’ সমবেত কণ্ঠে পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। তারপরেই দলীয়ভাবে যন্ত্র সংগীত পরিবেশন করে এক ঝাঁক খুদে বাদক। পরিমার্জিত এই আয়োজনের সমাপ্তি ঘটে জনপ্রিয় আধুনিক গান ‘আজ মন চেয়েছে’-র তালে তালে দৃষ্টিপ্রিয় এক দলীয় নৃত্যের মাধ্যমে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই অনুষ্ঠানে সংগীত, নৃত্য ও আবৃত্তিতে অংশ নেয় দেড় শতাধিক শিশু-কিশোর। রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লালনগীতি ও আধুনিক গানের পাশাপাশি আয়োজনে ছিল শিশুদের উপযোগী ছড়াগানের আধিক্য। সংগীত পরিবেশনায় অংশ নেয় পরম, স্বপ্নীল, অংকুর, তীর্থ, জয়িতা, রানী, শ্রেয়সী, ব্রততী, শ্রেয়াস, সৃজিত, ডোনা, শ্রুতি, প্রজ্ঞা, আরাধ্য, অর্ণব, শৌর্য, অন্ত, ইব্রাহিম, অর্ঘ্য, জ্যোতি, উপমা, ঐশ্বর্য দে, পুষ্পিতা দাস, অংশু দাস, প্রজ্ঞা বিট, অহনা চক্রবর্তী, অহনা গোলদার, জোনাকি, অহনা দত্ত, রাফিকা, দীপাঞ্জলি, সীমান্ত ভৌমিক, অদ্রি মল্লিক, অর্ক, অথৈ, মিথিলাসহ আরও অনেকে। পুরো অনুষ্ঠানজুড়ে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ছিল দর্শক-শ্রোতাদের চোখে পড়ার মতো উপস্থিতি। উপস্থিত সবাই খুদে শিল্পীদের এই পরিবেশনা বেশ উপভোগ করেন। উল্লেখ্য, দুই দিনব্যাপী এই আয়োজনের প্রথম দিন শুক্রবার পরিবেশিত হয়েছিল বর্ষার গান।