খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের খাজুরায় ১০৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলেন, স্থানীয় লেবুতলা ইউনিয়নের মৃত কালু মিয়ার ছেলের ফুল মিয়া (৪৬) ও একই গ্রামের ওলিয়ার মোল্যার ছেলে ফিরোজ হোসেন (৫০)। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন খান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার দুপুরে এনায়েতপুর গ্রামের ওলিয়ার মোল্যার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির ভেতরে ফুল মিয়া কাছ থেকে ৮০ ও ফিরোজের কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, ফুল মিয়া এনায়েতপুর গ্রামের ঘরজামাই৷ ওই গ্রামে আরও কয়েকজন খুচরা মাদক কারবারি রয়েছেন। যাদের মূলহোতা ফুল মিয়া। বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে শ্বশুরবাড়ির প্রভাব খাটিয়ে মাদকের কারবার করতে গিয়ে দুইবার আটক হন তিনি। জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে ফিরোজের সঙ্গে যোগ দিয়ে ফের রমরমা মাদকের কারবার শুরু করেন ফুল মিয়া।