কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুরে পৌর ফাঁড়ির পুলিশের বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে কোটচাঁদপুর পৌর ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই)বিধান কুমার বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সলেমানপুর গ্রামের মালিতাপাড়া পাইপ মিলের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। আটক কাইফ (২৩) কোটচাঁদপুর উপজেলার সোয়াদি গ্রামের রবিউল ইসলামের ছেলে। আটক ব্যক্তির দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ২৫ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ২ দশমিক ৫ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কোটচাঁদপুরের সলেমানপুরসহ আশপাশের এলাকায় বিক্রি করার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কোটচাঁদপুর মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।