উৎপল বিশ্বাস, নেহালপুর : কৃষক নেতা, লোকশিল্পী, গীতিকার ও ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিত বাওয়ালীর শোকসভা অনুষ্ঠিত হয়েছে। মণিরামপুরের মশিয়াহাটী সর্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গনে রোববার ওই শোকসভা অনুষ্ঠিত হয়। প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান ও তারই লেখা ‘জাগো কৃষক, জাগো শ্রমিক’ গণসংগীত পরিবেশনের মাধ্যমে সভার শুরু হয়। গত ৫ আগষ্ট বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। সভায় সভাপতিত্ব করেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক গাজী আব্দুল হামিদ। রণজিত বাওয়ালী বাংলাদেশের যশোর অঞ্চলের একজন জননেতা, সমাজকর্মী এবং স্বভাবকবি। তিনি মূলত যশোরের সুপরিচিত ভবদহ অঞ্চলের মানুষের অধিকার রক্ষা এবং দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিরসনের আন্দোলনের অগ্রদূত হিসেবে পরিচিত। ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসন ও পানি নিষ্কাশন আন্দোলনের অন্যতম প্রধান নেতা এবং ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক। তিনি দীর্ঘকাল ধরে দক্ষিণ অঞ্চলের মানুষের জলাবদ্ধতা দূর করার দাবি ও অধিকার আদায়ে সোচ্চার ছিলেন। রনজিত বাওয়ালীকে স্মরণ করে সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ বলেন, শোককে শক্তিতে পরিণত করে তার আদর্শ বাস্তবায়নে সংগ্রাম কমিটি দৃঢ়প্রতিজ্ঞ। আরো বক্তব্য রাখেন উপদেষ্টা তসলিম উর রহমান, চৈতন্য কুমার পাল, অনিল বিশ্বাস, শেখর বিশ্বাস, সাধন বিশ্বাস, মাসুদ হাসান, সাবেক সুন্দলী ইউপি চেয়ারম্যান বিকাশ মল্লিক, মুক্তেশ্বরী আন্দোলনের আহ্বায়ক অনিল বিশ্বাস, ২৭ বিল বাঁচাও আন্দোলনের আহ্বায়ক বাবর আলী গোলদার, হরি গ্যাংরাইল সংগ্রাম কমিটির নেতা মাহামুদুল হাসান, শিবপদ বিশ্বাস, তৃষা চামেলী, বাসন্তী মন্ডল, হাবিবুর রহমান হাবিব, রাজু আহমেদ, মহির উদ্দীন, সুকৃতি মন্ডল, সুকৃতি বিশ্বাস, আদিত্য কুমার সরকার, সুখেন্দু বিশ্বাস, কনৌজ বিশ্বাস ।