নিজস্ব প্রতিবেদক : সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে ‘ধর্ষণে ভুক্তভোগী ব্যক্তির আইনগত সুরক্ষায় হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে শহরের ব্র্যাক লার্নিং সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা লিগ্যাল এইড অফিসার নিশাত সুলতানা বলেন, হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে ব্যাপক প্রচারণা চালানো, প্রশিক্ষিত ডাক্তার ও নার্স নিশ্চিত করা এবং নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে ভুক্তভোগীর ন্যায়বিচার নিশ্চিত করতে সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সভায় বক্তব্য দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি আব্দুল লতিফ লতা, ব্র্যাকের জোনাল ম্যানেজার আকরামুল ইসলামের লিগ্যাল প্রটেকশনের প্রোগ্রাম ম্যানেজার মিতালী জাহান, ব্লাস্টের পরিচালক মাহবুবা আক্তার, লিগ্যাল স্পেশালিস্ট অ্যাডভোকেট মনিষা বিশ্বাস, ব্লাস্ট যশোরের অ্যাডভোকেট মোস্তফা হুমায়ুন কবির প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন ব্র্যাকের জেলা কো-অর্ডিনেটর আল-আমিন। মুক্ত আলোচনায় ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি), ফরেনসিক বিভাগ, মহিলা বিষয়ক অধিদপ্তর, সিভিল সার্জন কার্যালয়, পুলিশ ও আইনজীবী সমিতির প্রতিনিধিরা উপস্থিত থেকে যেকোনো থানায় দ্রুত মামলা গ্রহণ, চিকিৎসাসেবা ও ভুক্তভোগীর গোপনীয়তা রক্ষায় কার্যকর সমন্বয় গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করেন। সভায় বক্তরা ধর্ষণ ও যৌন সহিংসতার শিকার ব্যক্তিদের ন্যায়বিচার ও আইনগত সুরক্ষা নিশ্চিত করতে হাইকোর্ট বিভাগের নির্দেশনা কার্যকর বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন। একসাথে মাঠপর্যায়ের নানা চ্যালেঞ্জ চিহ্নিত করে ভুক্তভোগী যেন কোনোভাবেই ‘টু-ফিঙ্গার টেস্ট’-এর শিকার না হন, সে বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।