কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে গরু চোর সন্দেহে দুই ভাইকে আটকের পর গণপিটুনিতে হাবিব হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই সুমন হোসেন (৪০) গুরুতর আহত হয়েছেন। নিহত ও আহত ব্যক্তিরা যশোরের আরবপুর গ্রামের মৃত আয়ুব হোসেনের ছেলে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার বারোবাজার এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, বারোবাজারের বাদুরগাছা গ্রামের ওবায়দুল হকের স্ত্রী নিলুফা ইয়াসমিনের বাড়ি থেকে গভীর রাতে দুটি গরু চুরি হয়। চুরির বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরবর্তীতে স্থানীয়রা চোরদের সন্ধানে তল্লাশি চালিয়ে রাত ৩টার দিকে পিরোজপুর বটতলা এলাকা থেকে দুই ভাইকে আটক করে বাদুরগাছা গ্রামে নিয়ে যায়। সেখানে উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দিলে ঘটনাস্থলেই হাবিব হোসেনের মৃত্যু হয় এবং সুমন হোসেন মারাত্মক আহত হন। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাবিবের মরদেহ উদ্ধার করে এবং আহত সুমনকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। নিহেতর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি আহত সুমনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, গরু চুরির অভিযোগে স্থানীয়দের গণপিটুনিতে একজন নিহত ও একজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ ও আহত ব্যক্তিকে উদ্ধার করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, "কাউকে পিটিয়ে হত্যা করা কোনোভাবেই আইনসম্মত নয়। দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রতিটি অপরাধের বিচার হওয়ার বিধান রয়েছে। এ ঘটনায় যারা জড়িত, তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।"