নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মণিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন। ঢাকায় বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে ইকবাল হোসেন রিজভীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সাক্ষাৎকালে মণিরামপুরের রাজনৈতিক পরিস্থিতি, তৃণমূল পর্যায়ে দলীয় কর্মকাণ্ড, নেতাকর্মীদের পারস্পরিক যোগাযোগ ও সাংগঠনিক সমন্বয়সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয় বলে জানা গেছে। একই সঙ্গে দলীয় ঐক্য, সাংগঠনিক শৃঙ্খলা এবং ভবিষ্যতে দলীয় কার্যক্রম আরও গতিশীল করার বিষয়েও আলোচনা হয়। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততার কারণে ইকবাল হোসেন মণিরামপুর বিএনপিতে পরিচিত মুখ। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তার এ সাক্ষাতের খবর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই মনে করছেন, কেন্দ্র ও তৃণমূলের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে। ইকবাল হোসেন বলেন, দলের প্রতি তার আস্থা, ভালোবাসা ও দায়িত্ববোধ অটুট রয়েছে। মণিরামপুরের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় রেখে দলীয় কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে তিনি কাজ করে যাবেন। একই সঙ্গে দলের বৃহত্তর স্বার্থে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও পারস্পরিক শ্রদ্ধাশীল থাকার ওপর গুরুত্বারোপ করেন। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎকে মণিরামপুর বিএনপির তৃণমূল রাজনীতিতে নতুন আশাবাদ ও উৎসাহের বার্তা হিসেবে দেখছেন স্থানীয় নেতাকর্মীরা।