কেশবপুর প্রতিনিধি : যশোর-সাতক্ষীরা মহাসড়কে একটি পরিবহনের চাপায় রোকেয়া খাতুন (৪৫) নামে এক নারী মৃত্যু হয়েছেন। এই সময়ে দুর্ঘটনার পর নিয়ন্ত্রণ হারিয়ে পরিবহনটি সড়কের পাশে থাকা একটি হাফিজিয়া মাদ্রাসার ভেতরে ঢুকে পড়ে। তবে ওই সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা ফজরের নামাজ আদায়ের জন্য পাশের মসজিদে অবস্থান করায় বড় ধরনের হতাহতের ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। গতকাল শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে কেশবপুর উপজেলার মধ্যকুল কালিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রোকেয়া খাতুন মধ্যকুল এলাকার রেজাউলের স্ত্রী বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়রা জানান, রোকেয়া খাতুন প্রতিদিনের মতো শুক্রবার ভোরে হাঁটতে বের হন। তিনি যশোর-সাতক্ষীরা মহাসড়কের মধ্যকুল কালিতলা এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি পরিবহন তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের হাফিজিয়া মাদ্রাসার ভেতরে ঢুকে পড়ে। এ সময় মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা ফজরের নামাজ আদায়ের জন্য পাশের মসজিদে থাকায় সেখানে থাকা কারও কোনো ক্ষতি হয়নি। এতে বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পেয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। দুর্ঘটনার পর ওই এলাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।দুর্ঘটনাকবলিত পরিবহনটি স্টার ডিলাক্স কোম্পানির এবং কী কারণে এটি নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।