বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার গাংনী ইউনিয়নের দাড়িয়াতলা গ্রামে এই ঘটনা ঘটে। স্বজনদের আবেদনে পুলিশ ময়না তদন্ত ছাড়াই তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে। পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশু বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাংনী ইউনিয়নের দাড়িয়ালা গ্রামের মোস্তাইন শেখের মেয়ে লামিয়া আক্তার জান্নাতি (১০) ও মোস্তাক শেখের মেয়ে সামিয়া আক্তার (৯)। দুজনই স্থানীয় দাড়িয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। মোল্লাহাট থানার উপপরিদর্শক (এসআই) প্রসেন কুমার সানা জানান, সকাল সাতটার দিকে ঘুম থেকে উঠে কাউকে না জানিয়ে দুই চাচাতো বোন লামিয়া ও সামিয়া বাড়ির পাশে একটি মাছের ঘেরে শাপলাফুল তুলতে গিয়ে পানিতে পড়ে গিয়ে তাদের মৃত্যু হয়েছে। তাদের দুজনের কেউই সাঁতার জানতো না। ধারনা করা হচ্ছে এই দুজনের কোন একজন আগে শাপলা তুলতে গিয়ে পানিতে পড়ে গেলে পরে আরেকজন তাকে তুলতে গিয়ে দুজনই পানিতে তলিয়ে মারা যায়। পরে এক প্রতিবেশি সকাল আটটার দিকে মাছের ঘেরে যেয়ে প্রথমে শিশু সামিয়ার মরদেহ ভাসতে দেখে পরিবারের সদস্যদের জানায়। সামিয়াকে উদ্ধাররের পর পরিবারের সদস্যরা আরেক শিশু লামিয়াকে বাড়িতে দেখতে না পেয়ে ওই ঘেরের পানিতে নেমে খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পরে পানির নিচ থেকে লামিয়াকে অচেতন অবস্থায় উদ্ধার করে ২ চাচাতো বোনকে দ্রুত মোল্লাহাট উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এই দুই চাচাতো বোন সমবয়সী হওযায় তারা সব সময় এক সাথে খেলাধুলা করত। পরিবারের সদস্যদের অসচেতনতার কারনে এমন মৃত্যুর ঘটনা ঘটেছে। স্বজনদের আবেদনে পুলিশ ময়না তদন্ত ছাড়াই তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।