Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মানুষের প্রতি উদারতা : ২৫ বছর ধরে বিনা ভাড়ায় ২৮টি দোকানে ব্যবসা করছেন অসহায় মানুষ

এখন সময়: রবিবার, ১৩ সেপ্টেম্বর , ২০২৬, ১০:৪৩:২৯ পিএম

সিরাজুল ইসলাম, কেশবপুর: যশোরের কেশবপুরে মানবিক উদ্যোগ ও জনকল্যাণের এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে ‘আজাদ মার্কেট’। দীর্ঘ ২৫ বছর ধরে এই মার্কেটের ২৮টি দোকান থেকে কোনো প্রকার অগ্রিম বা ভাড়া নেওয়া হয় না। সম্পূর্ণ ফ্রিতে দোকান নিয়ে ব্যবসা করার সুযোগ পাওয়ায় স্থানীয় অসহায় ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে মার্কেটটি এক আশ্রয়ের প্রতীক হয়ে উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৪০ শতক জমির ওপর গড়ে উঠেছে কেশবপুরের এই আজাদ মার্কেট। জমিটির মালিক কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবুল হোসেন আজাদ। তিনি দীর্ঘদিন ধরে জমিটি উন্মুক্ত রেখে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দিয়েছেন। বর্তমানে মার্কেটটিতে পোশাক-আশাকসহ বিভিন্ন পণ্যের ২৮টি দোকান রয়েছে। দোকান মালিক ও ব্যবসায়ীরা জানান, সাধারণত যেকোনো বাণিজ্যিক মার্কেটে দোকান পেতে মোটা অঙ্কের জামানত (অগ্রিম) ও নিয়মিত ভারী ভাড়া মেটাতে ব্যবসায়ীদের চরম হিমশিম খেতে হয়। কিন্তু আজাদ মার্কেটে গত ২৫ বছর ধরে কোনো ভাড়া বা জামানত দিতে না হওয়ায় ব্যবসায়ীরা স্বস্তিতে রয়েছেন। এর ফলে ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের সামান্য পুঁজি পুরোটাই ব্যবসার বৃদ্ধিতে ব্যবহার করে পরিবার-পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করতে পারছেন। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, বর্তমান সময়ে বাণিজ্যিক সুবিধা না নিয়ে এভাবে জায়গা উন্মুক্ত রাখা এবং দীর্ঘ আড়াই দশক ধরে নিঃস্বার্থভাবে মানুষকে ব্যবসার সুযোগ করে দেয়া বিরল। আবুল হোসেন আজাদের এই উদ্যোগটি কেশবপুরে মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার এক চমৎকার উদাহরণ সৃষ্টি করেছে। এমন জনকল্যাণমূলক কাজ সমাজ ও দেশের অন্যান্য সামর্থ্যবান ব্যক্তিদেরও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করবে বলে প্রত্যাশা স্থানীয়দের।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)