Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যবিপ্রবিতে ডেঙ্গু প্রতিরোধে মেডিকেল সেন্টারের সচেতনতামূলক উদ্যোগ

এখন সময়: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর , ২০২৬, ১১:০৬:৪৮ পিএম

যবিপ্রবি প্রতিনিধি: দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ডা. এম আর খান মেডিকেল সেন্টার। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উপাচার্যের কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর, উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ মাহমুদুল হাসান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসানের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক পরামর্শ সংবলিত স্টিকার উদ্বোধন করা হয়। ক্যাম্পেইনের অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে করণীয়, ডেঙ্গুর উপসর্গ এবং জ্বর হলে করণীয় বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রচার করা হচ্ছে। এতে বাড়ি ও ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জমে থাকা পানি নিয়মিত অপসারণ ও পরিষ্কার রাখা, ঘুমানোর সময় মশারি বা মশা নিরোধক ব্যবহার, মশা নিরোধক স্প্রে বা কয়েল এবং জানালায় মশা প্রতিরোধক নেট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। ক্যাম্পেইন উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবির বলেন, "এর আগেও মেডিকেল সেন্টারের পক্ষ থেকে প্যাথলজিস্টের জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু আমরা ইউজিসি থেকে এখনো পাইনি। এরপরও শিক্ষার্থীদের কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ে একজন প্যাথলজিস্ট আনার চেষ্টা করব। পাশাপাশি ডেঙ্গু পরীক্ষার জন্য পর্যাপ্ত কিটের ব্যবস্থাও করা হবে।" এছাড়াও তিনি শিক্ষার্থীদের নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, "যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলুন । কারণ এসব স্থান থেকে পানি জমে ডেঙ্গুবাহী এডিস মশার উৎপত্তি হয়। নিজে এবং নিজের চারপাশ পরিষ্কার রাখা সবসময় সবার নিজ নিজ দায়িত্ব।" সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ডা. এম আর খান মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার ড. দীপক কুমার মন্ডল বলেন, " প্রতিরোধ হলো সবচেয়ে বড় অস্ত্র। আমরা আমাদের পক্ষ থেকে সবাইকে সচেতন করার চেষ্টা করছি। এরপরও যদি কেউ আক্রান্ত হয়ে থাকেন, তাহলে আমাদের মেডিকেল সেন্টার থেকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা সম্ভব হবে। এ বিষয়ে সবাইকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে।"

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)