শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : যশোরের শার্শায় পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ রফিকুল মল্লিক (৫০) নামে এক ব্যক্তি আটক হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চটকাপোতা গ্রামে শার্শা-জামতলাগামী সড়ক থেকে তাকে আটক করা হয়। আটককৃত রফিকুল মল্লিক যশোর জেলার বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর (পশ্চিমপাড়া) গ্রামের মৃত তাহের আলী মল্লিকের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সবুজ গাজীর নেতৃত্বে এএসআই রমজান আলী ও এএসআই আতাউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে চটকাপোতা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় শার্শা থেকে জামতলাগামী সড়কে অসীম আলীর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে রফিকুল মল্লিককে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজতে থাকা এক কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, এ ঘটনায় রফিকুল মল্লিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার পর তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।