মাগুরা প্রতিনিধি : মাগুরা সদরের ৫ শতাধিক হতদরিদ্র পেল ফলজ গাছের চারা। গতকাল বুধবার সকাল ১১ টায় ইটখোলা আবালপুর রোভা ফাউন্ডেশনের প্রশিক্ষণ কেন্দ্রে গ্রীন স্টেপ পার্টনার আমেরিকার সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন রোভা ফাউন্ডেশন এ চারা গাছ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হত দরিদ্রের হাতে এ চারা গাছ তুলে দেন। এ সময় রোভা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কাজী কামরুজ্জামান, পল্লী প্রকৃতির নির্বাহী পরিচালক শফিকুর রহমান , নারী নেত্রী সাবিনা ইয়াসমিন মেরি ও রোভা ফাউন্ডেশনের প্রধান হিসাব সহকারী হাফিজুর রহমান উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগান নিয়ে রোভা ফাউন্ডেশন সদরের ৫ শতাধিক হতদরিদ্রদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করেছে। এ চারা গাছ গুলোর মধ্যে রয়েছে দেশী লেবু,বাতাবী লেবু,কদবেল,ছফেদা ও আম। পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা অত্যাধিক । পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগাতে হবে। গাছ লাগানোর পাশাপাশি সেই গাছের পরিচর্যা বেশি বেশি করতে হবে। তবেই পাওয়া যাবে ফল । সদরের নরসিংহাটি গ্রামের শামসুন্নাহার জানান, ফলজ ৫টি চারাগাছ পেয়ে আমি খুব খুশি । এ গাছ গুলো আমি বাড়ির আশেপাশে ও পুকুরের ধারে রোপন করব। রোপনের পাশাপাশি সঠিকভাবে তা পরিচর্যা করব।