নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলা পর্যায়ে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী ৬০ শিক্ষার্থীর হাতে এসব পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার হক। সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন এবং সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সাইফুল আলম। অনুষ্ঠান পরিচালনা করেন ইউআরসি’র ইন্সট্রাক্টর রবিউল ইসলাম। অনুষ্ঠানে সংগীত, নৃত্য, অভিনয়, আবৃত্তি ও চিত্রাঙ্কনসহ নানা ক্যাটাগরিতে বিজয়ী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।