আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় রুহুল আমিন (৩০) নামে এক যুবককে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০১ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত রুহুল আমিন আশাশুনি সদরের পূর্বপাড়া গ্রামের আবুল বাশারের ছেলে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে আশাশুনিতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্যামানন্দ কুন্ডু। আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে এসআই লক্ষণ, এএসআই অমিত হাসান সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় আসামিকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে দণ্ডপ্রাপ্ত আসামিকে পুলিশি প্রহরায় কারাগারে প্রেরণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।