আশাশুনি প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজায় কোনো ধরনের বিশৃঙ্খলা, অপ্রীতিকর ঘটনা কিংবা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আরিফ। তিনি বলেছেন, “দুর্গাপূজায় বিশৃঙ্খলা ঘটালে সে যত বড় নেতা বা প্রভাবশালী ব্যক্তিই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। আইন সবার জন্য সমান।” শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় আশাশুনি উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওসি জাহাঙ্গীর আরিফ বলেন, দুর্গাপূজাকে শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নির্বিঘ্ন করতে আশাশুনি থানা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হবে। বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টি উল্লেখ করে ওসি জাহাঙ্গীর আরিফ পূজামণ্ডপগুলোতে বিদ্যুৎ চলে গেলে দ্রুত বিকল্প আলোর ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি তুষার কান্তি (পিংকাই) ঘোষ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক প্রীতিশ রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গোপাল চন্দ্র মণ্ডলসহ বিভিন্ন ইউনিয়ন পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন পূজা উদযাপন ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক অনিরুদ্ধ মণ্ডল