লোহাগড়া প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. মিলন মোল্যা (৫০) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত মো. মিলন মোল্যা উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকাড়া গ্রামের সুততান মোল্যার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, সাজাপ্রাপ্ত মিলন মোল্যা বিগত ২০১৮ সালের (২ জুলাই) লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাইগ্রামে এক গৃহবধূ পুকুরপাড়ে সবজি ক্ষেতে সবজি আনতে গেলে মিলন মোল্যা তাকে জোরপূর্বক ওড়না দিয়ে মুখ বেঁধে পাশের কলাবাগানে নিয়ে ধর্ষণ করে। পরে ওই গৃহবধূ মামলা দায়ের করেন। দীর্ঘদিন বিচারিক কার্যক্রম শেষে চলতি বছরের (৮ ফেব্রুয়ারি) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাহমুদা খাতুন আসামি মিলন মোল্যাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের দণ্ডাদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি মিলন মোল্যা পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বুধবার (২৩ সেপ্টেম্বর) মিলন মোল্যাকে উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকাড়া গ্রামে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।