Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সন্তানকে নিয়ে বেরিয়ে নিখোঁজ গৃহবধূ, এক মাসেও মেলেনি সন্ধান

এখন সময়: বুধবার, ১৪ অক্টোবর , ২০২৬, ০৫:১৫:৫৭ পিএম
সন্তানকে নিয়ে বেরিয়ে নিখোঁজ  গৃহবধূ, এক মাসেও মেলেনি সন্ধান

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে এক মাস পেরিয়ে গেলেও দুই বছর বয়সী সন্তানসহ নিখোঁজ গৃহবধূ রিমা খাতুনের (১৮) সন্ধান মেলেনি। গত ৮ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি তাঁর শিশুসন্তানকে নিয়ে নিখোঁজ হন। এ ঘটনায় তাঁর স্বামী জাহাঙ্গীর হোসেন অভয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। নিখোঁজ রিমা খাতুন উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের স্ত্রী। তাঁর বাবার বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের জামদিয়া গ্রামে। তিনি ওই গ্রামের সোহরাব মোল্লার মেয়ে। জাহাঙ্গীর হোসেন নওয়াপাড়ার আইএফআইসি ব্যাংকে নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করেন। তিনি জানান, গত ৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে তিনি কর্মস্থলে চলে যান। পরে সকাল সাড়ে ৯টার দিকে তাঁর চাচাতো বোন মেঘলা খাতুন জানান, রিমা ব্যাগ গুছিয়ে দুই বছরের ছেলেকে সঙ্গে নিয়ে বাবার বাড়ির উদ্দেশে বের হয়েছেন। কর্মস্থল থেকে ফিরে স্ত্রী ও সন্তানের খোঁজে বিভিন্ন জায়গা ও রিমার বাবার বাড়িতে যোগাযোগ করেও তাঁদের সন্ধান পাননি। পরে গত ২০ সেপ্টেম্বর অভয়নগর থানায় জিডি করেন তিনি। জিডি নম্বর ১৩৪৯। জাহাঙ্গীরের দাবি, বাড়ি থেকে বের হওয়ার সময় রিমা তাঁর ও ছেলের দুটি আংটি এবং নগদ ৯০ হাজার টাকা সঙ্গে নিয়ে যান। আংটি দুটির ওজন প্রায় ১২ আনা, যার আনুমানিক মূল্য ২ লাখ ২০ হাজার টাকা। তাঁর আরও দাবি, রিমা প্রায়ই তাঁর অগোচরে মোবাইল ফোনে অন্য কারও সঙ্গে কথা বলতেন। এ কারণে তিনি স্ত্রী ও সন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তবে তাঁদের নিখোঁজ হওয়ার কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য তাঁর কাছে নেই। নিখোঁজ হওয়ার পর থেকে রিমার ব্যবহৃত মোবাইল নম্বর ০১৯৪৩-২৬৬৬৭১-এ যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। রিমার পরিবারের পক্ষ থেকে তাঁর সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ রিমা খাতুন ও তাঁর দুই বছর বয়সী শিশুসন্তানের সন্ধান পেলে ০১৯১৫-১০৭২৫৩ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)