কচুয়া প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) উপজেলা পরিষদ সভাকক্ষে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমির সালমান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে কচুয়া থানার ওসি, উপজেলা সমাজসেবা অফিসারসহ স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের অধীনে ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ ধারণাকে সামনে রেখে স্বাবলম্বী পরিবার গড়ার প্রত্যয়ে এই তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে এবং কার্যক্রমটি শতভাগ স্বচ্ছতার সাথে সফল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।