আশাশুনি প্রতিনিধি : অসহায় ও নিম্নআয়ের পরিবারকে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরার আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু। প্রেস কনফারেন্সে জানানো হয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে দরিদ্র ও অসহায় পরিবারকে সহায়তা দিয়ে স্বাবলম্বী করে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স. ম. হেদায়েতুল ইসলাম, সদস্যসচিব মশিউল হুদা তুহিন, জামায়াতের নায়েবে আমির মাওলানা নুরুল আবছার মুর্তজা, প্রেসক্লাবের সভাপতি এস কে হাসান, সাবেক আমির আলমগীর কবীর পিন্টু এবং যুবদলের সদস্যসচিব আবু জাহিদ সোহাগ। সভাপতির বক্তব্যে ইউএনও শ্যামানন্দ কুন্ডু বলেন, আশাশুনি উপজেলার মোট ৭৬ হাজার ৮৯২টি খানার (পরিবারের) তথ্য সংগ্রহ করা হবে। এ কাজে ১১৫ জন তথ্য সংগ্রহকারী ও ১১ জন সুপারভাইজার নিয়োজিত থাকবেন। তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের সঠিক ও নির্ভুল তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। ইউএনও আরও বলেন, ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য কোনো ধরনের অনৈতিক লেনদেন, তদবির কিংবা প্রতারণার ফাঁদে পা দেওয়া যাবে না। কমপক্ষে পাঁচটি ধাপে যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত অসহায় ও উপযুক্ত পরিবারকে কার্ড দেওয়া হবে। এ ক্ষেত্রে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি। নবাগত উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম দেখা গেলে তা তাঁকে অবহিত করতে হবে। পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ, ন্যায়সংগত ও ত্রুটিমুক্ত রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলেও জানান তিনি। প্রেস কনফারেন্স শেষে তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনার সুবিধার্থে উপস্থিত ১১ জন সুপারভাইজারের প্রত্যেকের হাতে একটি করে ট্যাব তুলে দেওয়া হয়।