নিজস্ব প্রতিবেদক : ময়লা-আবর্জনা ফেলা নিয়ে বিরোধের জেরে যশোর শহরের বেজপাড়ায় অভিনেতা সমু চৌধুরীকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় দুই ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ২টার দিকে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। আহত অভিনেতা সমু চৌধুরী জানান, ময়লা-আবর্জনা ফেলা নিয়ে স্থানীয় দুই ব্যক্তির সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা ক্ষুব্ধ হয়ে তার ওপর হামলা চালান এবং লাঠিপেটা করে তাকে রক্তাক্ত জখম করেন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিঠুন কুমার দে জানান, সমু চৌধুরীর মাথায় কাটা জখম রয়েছে। ক্ষতস্থানে কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরে গেছেন। যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, অভিনেতার ওপর হামলার ঘটনা সম্পর্কে তিনি অবগত নন। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগও করেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।