শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : বেনাপোল স্থলবন্দরের আধুনিকায়ন এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে পরিবেশগত প্রভাব নিরূপণ (ইআইএন) প্রস্তুতির অংশ হিসেবে এক বিশেষ জনমত যাচাই ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ৪টার সময় নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন “পূর্ব দক্ষিণ এশিয়ায় পরিবহন ও বাণিজ্য সংযোগ সুগমকরণ-বাংলাদেশ ফেজ-১ প্রকল্পের আওতায় বেনাপোল বন্দর প্রশাসনিক ভবনে এই সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন পূর্ব দক্ষিণ এশিয়ায় পরিবহন ও বাণিজ্য সংযোগ সুগমকরণ-বাংলাদেশ ফেজ-১ প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মোহাম্মদ আবদুর রাজ্জাক। এছাড়া বিশেষ অতিথি ছিলেন বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) মোহাম্মদ রুহুল আমীন, পরিবেশ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক মোহাম্মদ আতাউর রহমান, শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুমসহ বন্দরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পরিবেশ বিশেষজ্ঞ, বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী এবং স্থানীয় অংশীজনরা উপস্থিত ছিলেন। সভায় প্রজেক্টরের সহায়তায় প্রকল্পের বিভিন্ন ইতিবাচক দিক ও পরিবেশগত সুরক্ষা পরিকল্পনা উপস্থাপনা করা হয়। বাণিজ্য ও অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে উপস্থাপনায় জানানো হয়, প্রকল্প বাস্তবায়িত হলে সীমান্ত পারাপারের সময় এবং আমদানি-রপ্তানি খরচ উল্লেখযোগ্য হারে কমবে। পাশাপাশি আধুনিক ট্রাক টার্মিনাল ও সুপরিকল্পিত পার্কিং সুবিধা যুক্ত হওয়ায় বেনাপোল বন্দরের দীর্ঘদিনের যানজট নিরসন হবে এবং নিরাপদ পরিবহন নিশ্চিত হবে। বাংলাদেশ ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে আঞ্চলিক অর্থনৈতিক সংযোগ বৃদ্ধির পাশাপাশি বন্দরের নির্মাণ ও পরিচালন পর্যায়ে স্থানীয় বাসিন্দাদের বড় ধরনের কর্মসংস্থান সৃষ্টি হবে। পরিবেশ ও সামাজিক ব্যবস্থাপনা (ইএসএমপি): সম্পর্কে বলা হয়, প্রকল্প চলাকালে পরিবেশের ভারসাম্য রক্ষা ও স্থানীয়দের সুরক্ষায় একটি সমন্বিত তদারকি কাঠামো উপস্থাপন করা হয়। এর আওতায় ধূলিকণা, শব্দ, পানি ও মাটির মান নিয়মিত পরীক্ষা করার পাশাপাশি শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা হবে। পরিবেশগত ও সামাজিক নিয়ম (ইএসএইচএস) বজায় রেখে ঠিকাদারদের কাজ পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রকল্প বাস্তবায়নে পৃথক বাজেট বরাদ্দ রাখা হয়েছে। মতবিনিময় পর্বে উপস্থিত বক্তারা পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন বন্দর গঠনে এবং আন্তর্জাতিক বাণিজ্যের গতি বাড়াতে এই প্রকল্পকে দ্রুত ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।