নিজস্ব প্রতিবেদক : বাংলা পঞ্জিকা অনুযায়ী ১৭ ও ১৮ অক্টোবর দুই দিনব্যাপী ‘মহা সপ্তমী’ তিথি চলছে। শারদীয় দুর্গোৎবে এবার দেবী দুর্গা ঘোড়ায় চড়ে মর্ত্যে আগমন করেছেন। মহাসপ্তমীতে ‘নবপত্রিকা’ প্রবেশ ও পূজার পাশাপাশি আগামী সোমবার (১৯ অক্টোবর) উদযাপিত হবে মহাঅষ্টমী, যার বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে ‘সন্ধিপূজা’। দুর্গাপূজার প্রথম দিন শনিবার (১৭ অক্টোবর) যশোর লালদীঘির পাড়ের হরিসভা মন্দিরের সামনে থেকে একটি বর্ণাঢ্য সম্প্রীতি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে এর শুভ উদ্বোধন করে তিনি বলেন, ‘যশোর একটি অসাম্প্রদায়িক চেতনার জেলা। এ জেলার মানুষ সবসময় সম্প্রীতির সঙ্গে শারদীয় দুর্গাপূজা উদযাপন করে। এটি সনাতন ধর্মাবলম্বীদের উৎসব হলেও ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এতে অংশ নেয়। এই উৎসবকে মুখরিত করতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে। কোনো ধরনের অপপ্রচারে কান দেওয়া যাবে না, সবাইকে মিলে উৎসবমুখর পরিবেশে এই উৎসব উদযাপন করতে হবে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এজেডএম সালেক, বাঁচতে শেখার নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস এবং দৈনিক কল্যাণ পত্রিকার সম্পাদক একরাম উদ দ্দৌলা। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু, সুরধুনীর সভাপতি হারুন অর রশীদ, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান বকুল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাস রতন, সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ প্রমুখ।