আলমডাঙ্গা অফিস : আলমডাঙ্গা একাডেমীর উদ্যোগে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ এবং ২০২৫ সালের জুনিয়র ও প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সহ মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং এবং পাবলিক বিশ্ববিদ্যালয় ও ক্যাডেট কলেজে চান্স চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯ টার দিকে একাডেমি চত্বরে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়। সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি প্রফেসর ডক্টর মোহম্মদ আব্দুস শহীদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ই তাদের সাফল্যের মূল চাবিকাঠি। ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের এই সাফল্য ধরে রেখে ভবিষ্যতে উচ্চশিক্ষা ও কর্মজীবনে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি। প্রধান আলোচক ছিলেন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডঃ মোহাম্মদ মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবু তালেব, প্রাণিসম্পদ অধিদপ্তরের সহকারী পরিচালক এ এইচ এম শামীমুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার মিকাইল হোসেন, সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি ফকির মোহাম্মদ, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি বশিরুল আলম। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আলমডাঙ্গা একাডেমীর কৃতি শিক্ষার্থী হুমাইয়া মারজিলা ও নুসরাত জাহান মিম। সহযোগিতায় ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক রাজু আহমেদ ও সাজু আহমেদ। সার্বিক দায়িত্বে ছিলেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক মোঃ আব্দুল হাই ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক। আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষা অনুরাগী হাজী লিয়াকত আলী লিপু মোল্লা, সাবেক স্টেশন মাস্টার হাজী শামসুল হক টুকু, সমাজকর্মী সিরাজুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।