নিজস্ব প্রতিবেদক : যশোর জিলা স্কুলে শনিবার সকালে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই আয়োজনে বিভিন্ন পরীক্ষায় কৃতীত্ব অর্জনকারী ২৭২ জন ছাত্রকে সংবর্ধনা প্রদান করা হয়। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন যশোর জেলার জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘পরীক্ষায় ভালো ফলাফল করলেই চলবে না, নিজে ভালো মানুষ হতে হবে। সফলতা অর্জনের জন্য সরকার নানা পদক্ষেপ বাস্তবায়ন করছে এবং ছাত্রজীবনের সঠিক পদক্ষেপকে কাজে লাগিয়েই সাফল্য অর্জন করতে হবে।’ বর্তমান ডিজিটাল যুগের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘এ যুগে শিক্ষার্থীরা নিজেদের বেশি স্মার্ট ভাবলে চলবে না; বরং বাবা-মা ও শিক্ষকদের সম্মান করতে হবে এবং তাদের ও শিক্ষকদের উপদেশ মেনে চলতে হবে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন এবং জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন। সিনিয়র শিক্ষক মনিরুজ্জামান ও সহকারী শিক্ষক জেসমিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কৃতি ছাত্র মাহিম হালদার, ফাহিম ফায়সাল, নূরে আলম তানজীম প্রমুখ। আলোচনা সভা শেষে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১৩২ জন, জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ৮৪ জন এবং প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ৫৬ জন-মোট ২৭২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া একই অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতা এবং গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়।