Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর শিক্ষা বোর্ডে জনবল সংকট চরমে, ২৫৩ পদের বিপরীতে কর্মরত মাত্র ৮৫

এখন সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর , ২০২৬, ০৪:৫২:৫৬ এম
যশোর শিক্ষা বোর্ডে জনবল সংকট চরমে,  ২৫৩ পদের বিপরীতে কর্মরত মাত্র ৮৫

মিরাজুল কবীর টিটো : যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে জনবল সংকট দিন দিন প্রকট হচ্ছে। অনুমোদিত ২৫৩টি পদের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ৮৫ জন। অর্থাৎ শূন্য রয়েছে ১৬৮টি পদ। এরই মধ্যে আগামী ২০২৭ সালে আরও ১৫ জন কর্মকর্তা-কর্মচারী অবসরে গেলে কর্মরত জনবল কমে দাঁড়াবে মাত্র ৭০ জনে। এতে বোর্ডের প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি সেবাপ্রার্থীদের কাঙ্ক্ষিত সেবা দেওয়া নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের আশঙ্কা, দ্রুত নিয়োগ দেওয়া না হলে বোর্ডের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৫ সাল পর্যন্ত অনুমোদিত ২৫৩টি পদের মধ্যে শূন্য ছিল ১৫৭টি। সে সময় কর্মরত ছিলেন ৯৬ জন। চলতি বছরে আরও ১১টি পদ শূন্য হওয়ায় বর্তমানে কর্মরত জনবলের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৮৫ জনে। আগামী ২০২৭ সালে আরও ১৫ জন অবসরে গেলে কর্মরত জনবল নেমে আসবে ৭০ জনে। ফলে সীমিতসংখ্যক কর্মকর্তা-কর্মচারী দিয়ে বোর্ডের বিশাল কর্মযজ্ঞ পরিচালনা করা কঠিন হয়ে পড়বে। বোর্ডের দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাদের ২৩টি পদের মধ্যে বর্তমানে সাতটি পদ শূন্য রয়েছে। এসব পদের মধ্যে রয়েছে উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক), সহকারী মূল্যায়ন কর্মকর্তা, একান্ত সচিব, নিরাপত্তা কর্মকর্তা, সহকারী ক্রীড়া কর্মকর্তা, উপসহকারী প্রকৌশলী, সহকারী গ্রন্থাগারিক ও গণসংযোগ কর্মকর্তার পদ। অন্যদিকে তৃতীয় শ্রেণির কর্মচারীদের ১২২টি পদের মধ্যে শূন্য রয়েছে ৮৪টি। এর মধ্যে সেকশন অফিসারের ১৩টি পদের বিপরীতে ১২টি, হিসাবরক্ষকের দুটি পদের মধ্যে একটি, হিসাব সহকারীর ১২টি পদের মধ্যে ১০টি, স্টেনো টাইপিস্টের চারটি পদই এবং ক্যালিগ্রাফিস্টের চারটি পদই শূন্য রয়েছে। এ ছাড়া নিম্নমান সহকারীর ৪০টি পদের মধ্যে ২৬টি, সনদ লেখকের ছয়টি, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটরের দুটি এবং গাড়িচালকের চারটি পদের মধ্যে তিনটি শূন্য রয়েছে। পাশাপাশি গ্রাফার, অডিট অফিসার, স্টোরকিপার, কেয়ারটেকার, গবেষণা সহকারী, ক্যাটালগার, লাইব্রেরি পরিসংখ্যান সহকারী, অভ্যর্থনা সহকারী, ড্রাফটসম্যান ও ইমামের পদও শূন্য রয়েছে। জনবল সংকট নিরসনে বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোসাম্মাৎ আসমা বেগম ২০২৫ সালের ডিসেম্বর মাসে ৭৮টি পদে নতুন জনবল নিয়োগের প্রক্রিয়া অনুমোদন করেছিলেন। কিন্তু অনুমোদনের প্রায় ১০ মাস পেরিয়ে গেলেও নিয়োগ কার্যক্রম শুরু হয়নি। ফলে নিয়োগ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। জনবল সংকটের সরাসরি প্রভাব পড়ছে বোর্ডের দৈনন্দিন কার্যক্রমে। অনেক শাখায় প্রয়োজনীয় কর্মকর্তা-কর্মচারী না থাকায় দায়িত্বপ্রাপ্তদের একসঙ্গে দুই থেকে তিনটি শাখার অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। এতে কাজের চাপ বাড়ার পাশাপাশি দাপ্তরিক কার্যক্রমের স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সেবাপ্রার্থীদের প্রয়োজনীয় সেবা পেতে ভোগান্তির আশঙ্কা বাড়ছে। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় জনবল ছাড়াই বোর্ডের গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। সীমিতসংখ্যক কর্মকর্তা-কর্মচারীকে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে প্রশাসনিক কার্যক্রম আরও জটিল হয়ে উঠবে। দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন না হলে বোর্ডের সেবার মান ধরে রাখা কঠিন হবে। এ বিষয়ে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফারুখে আজম মু. আব্দুস ছালাম বলেন, “বোর্ডে জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু করা হয়েছে। আগামী তিন থেকে চার মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।”

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)