মাগুরা প্রতিনিধি : মাচাজুড়ে ঝুলছে হলুদ ও সবুজ রঙের তরমুজ। রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় ব্যতিক্রমী এ দৃশ্য দেখে থমকে দাঁড়াচ্ছেন পথচারীরা। কেউ কৌতুহল নিয়ে ক্ষেত ঘুরে দেখছেন, কেউ আবার মুঠোফোনে ছবি তুলছেন। অসময়ে ব্যতিক্রমী জাতের তরমুজ চাষ করে এমনই সাড়া ফেলেছেন মাগুরার মহম্মদপুর উপজেলার তরুণ কৃষি উদ্যোক্তা মো. হাসানুর রহমান। মাত্র পাঁচ শতাংশ জমিতে ‘ব্লাক বেরি’ ও ‘ইয়োলো মেলন’ নামে দুই জাতের তরমুজ চাষ করেছেন তিনি। এর মধ্যে উজ্জ্বল হলুদ রঙের ইয়োলো মেলন সবার নজর কাড়ছে বেশি। প্রচলিত ফসলের বাইরে গিয়ে তাঁর এমন উদ্যোগ এলাকায় ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। হাসানুর রহমান মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ভাবনপাড়া গ্রামের বাসিন্দা। শখের বশে শুরু করা তাঁর এই ব্যতিক্রমী উদ্যোগ এখন এলাকায় আলোচনার বিষয় হয়ে উঠেছে। জানা গেছে, তরমুজ চাষের জন্য মাগুরা জেলা শহর থেকে ২০ গ্রাম বীজ কিনতে তাঁর খরচ হয়েছে ১ হাজার ৩০০ টাকা। পরে ওই বীজ থেকে নিজেই চারা উৎপাদন করেন। গত আগস্ট মাসে জমিতে চারা রোপণ করেন তিনি। প্রায় দেড় মাস পরিচর্যার পর গাছে ফল আসতে শুরু করে। প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে তরমুজ চাষে মাচাপদ্ধতি বেছে নিয়েছেন হাসানুর। বাঁশের খুঁটি ও নাইলনের নেট দিয়ে তৈরি করেছেন মাচা। সেই মাচা বেয়ে ছড়িয়ে পড়েছে তরমুজগাছের লতা। লতার ফাঁকে ফাঁকে ঝুলছে হলুদ ও সবুজ রঙের তরমুজ। সবুজ পাতার মধ্যে হলুদ ফলগুলো তৈরি করেছে দৃষ্টিনন্দন পরিবেশ। বিশেষ করে হলুদ রঙের তরমুজ দেখতে প্রতিদিনই তাঁর জমিতে ভিড় করছেন কৌতূহলী মানুষ। অনেকে ফলের ছবি তুলছেন, আবার কেউ কেউ জানতে চাইছেন এ ধরনের তরমুজ চাষের পদ্ধতি। স্থানীয় কৃষক বাবলু বলেন, আমাদের এলাকায় সাধারণত এভাবে তরমুজ চাষ করতে দেখা যায় না। হাসানুর রহমান অল্প জমিতে নতুন জাতের তরমুজ চাষ করে আমাদের মধ্যে আগ্রহ তৈরি করেছেন। তাঁর ক্ষেতের হলুদ ও সবুজ রঙের তরমুজ দেখতে খুবই সুন্দর। তাঁর এই উদ্যোগ দেখে আমরাও নতুন কিছু চাষ করার কথা ভাবছি। কৃষি বিভাগের সহযোগিতা পেলে ভবিষ্যতে এ ধরনের ফসল চাষে আগ্রহী হব। আরেক কৃষক বলেন, হাসানুরের তরমুজ চাষ আমাদের এলাকার জন্য একটি ব্যতিক্রমী উদ্যোগ। অল্প জমিতে এভাবে নতুন জাতের তরমুজ চাষ করা যায়, তা তাঁর ক্ষেত না দেখলে বুঝতে পারতাম না। তাঁর উদ্যোগ থেকে আমরা নতুন কিছু শেখার সুযোগ পাচ্ছি। চাষে ভালো ফলন ও ন্যায্য দাম পাওয়া গেলে ভবিষ্যতে এলাকার আরও কৃষক এ ধরনের চাষে আগ্রহী হবেন। নিজের উদ্যোগ সম্পর্কে হাসানুর রহমান বলেন, নিতান্তই শখের বশে তরমুজ চাষ শুরু করেছি। মাচায় ঝুলে থাকা তরমুজ দেখতে খুব ভালো লাগে। বিশেষ করে হলুদ রঙের তরমুজ সহজেই মানুষের নজর কাড়ে। অল্প জমিতে নতুন জাতের তরমুজ চাষ করে হাসানুর রহমান যে আগ্রহ সৃষ্টি করেছেন, তা স্থানীয় কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। তাঁর এই উদ্যোগ সফল হলে ভবিষ্যতে এলাকার অন্য কৃষকরাও প্রচলিত ফসলের পাশাপাশি বিকল্প ফসল চাষে উৎসাহিত হতে পারেন। কৃষিসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, প্রচলিত ফসলের পাশাপাশি নতুন জাতের ফল ও সবজি চাষ কৃষিতে বৈচিত্র্য আনতে পারে। স্থানীয় আবহাওয়া ও মাটির উপযোগিতা বিবেচনা করে এসব ফসলের চাষ সম্প্রসারণ করা গেলে কৃষকদের জন্য নতুন সম্ভাবনা তৈরি হবে। তবে বাণিজ্যিকভাবে চাষের ক্ষেত্রে উৎপাদন খরচ, ফলন ও বাজার চাহিদার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। মহম্মদপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইশরাত জাহান শিলু বলেন, এ অঞ্চলের কৃষকরা সাধারণত তরমুজ চাষ করেন না। তবে তরুণ কৃষি উদ্যোক্তা হাসানুর রহমানের এই উদ্যোগ প্রশংসনীয়। আমরা তাঁকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে আসছি। তাঁর সাফল্য দেখে ভবিষ্যতে এলাকার অন্য কৃষকরাও তরমুজ চাষে আগ্রহী হতে পারেন। কৃষি বিভাগের পক্ষ থেকে তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করছি। পাশাপাশি জেলার অন্যান্য কৃষকও এ ধরনের চাষে উদ্বুদ্ধ হবেন বলে আশা করছি।