কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ৫ নভেম্বর বাগেরহাট সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি সফর সফল করার প্রত্যয়ে বাগেরহাটের কচুয়া উপজেলায় বর্ণাঢ্য আনন্দ মিছিল ও শোডাউন করেছে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় কচুয়া উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে আশপাশের এলাকা। আনন্দ মিছিল ও কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য খান মনিরুল ইসলাম, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ, বাগেরহাট জেলা কৃষক দলের আহ্বায়ক আসাফুদ্দৌলা জুয়েল, কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন।