Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

এখন সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর , ২০২৬, ০১:০০:৫৮ পিএম
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

ম. ম. রবি ডাকুয়া, মোংলা : মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে ৪ হাজার ৬৮ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দুটি আধুনিক কনটেইনার জেটি নির্মাণ ও আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টা ১৫ মিনিটে বাগেরহাটের মোংলা বন্দর কর্তৃপক্ষের ৯ নম্বর জেটিতে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রকল্পের আওতায় বন্দরের ১০ ও ১১ নম্বর জেটি নির্মাণ করা হবে। পাশাপাশি আধুনিক কনটেইনার ইয়ার্ড, খালি কনটেইনার সংরক্ষণাগার ও বিপজ্জনক পণ্য ব্যবস্থাপনার অবকাঠামো গড়ে তোলা হবে। পণ্য ওঠানো-নামানোর কাজে যুক্ত করা হবে ৪৯টি আধুনিক যন্ত্রপাতি। প্রকল্পটি বাস্তবায়িত হলে বন্দরের বার্ষিক কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা প্রায় ৩ লাখ ৯৪ হাজার টিইইউতে উন্নীত হবে। একই সঙ্গে বছরে প্রায় দেড় কোটি টন পণ্য হ্যান্ডলিংয়ের সক্ষমতা অর্জনের লক্ষ্য রয়েছে। চার বছর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। তিনি মোংলা-রামপাল এলাকার সংসদ সদস্যও। প্রতিমন্ত্রীর বক্তব্যে মোংলা বন্দরকেন্দ্রিক অবকাঠামোগত উন্নয়ন, বিনিয়োগ সম্প্রসারণ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করার গুরুত্ব উঠে আসে। তাঁর মতে, বন্দরের আধুনিকায়ন ও নতুন বিনিয়োগ উদ্যোগ এ অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এর আগে জানিয়েছিলেন, চীনের সঙ্গে বিনিয়োগ সহযোগিতার সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে মোংলা বন্দরের সঙ্গে রেল যোগাযোগ সম্প্রসারণের নতুন সম্ভাবনা তৈরি হবে। এর ফলে বন্দরকেন্দ্রিক পণ্য পরিবহন ও আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল হতে পারে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান, চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের (সিসিইসিসি) চেয়ারম্যান লি চংইয়াংসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা। প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে বাংলাদেশ সরকার দেবে প্রায় ৪৭৫ কোটি টাকা। বাকি অর্থ চীনের এক্সিম ব্যাংকের ঋণ সহায়তায় জোগান দেওয়া হবে। প্রকল্প বাস্তবায়নে চীনের চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশন কাজ করবে। একই সফরে ইনভেস্ট বাংলাদেশ ও চীনের চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে জ্বালানি, শিল্প অবকাঠামো, পরিবহন, লজিস্টিকস ও মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বক্তব্যে মোংলাকে কেন্দ্র করে শিল্পায়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন। তিনি মোংলা থেকে পঞ্চগড় পর্যন্ত সড়ক যোগাযোগ ও শিল্পাঞ্চল গড়ে তোলার পরিকল্পনার কথা জানান। পাশাপাশি মোংলায় শিল্পকারখানায় দ্রুত গ্যাস সরবরাহ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিষয়েও গুরুত্বারোপ করেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে মোংলা বন্দরের পণ্য পরিবহন ও আমদানি-রপ্তানি কার্যক্রমে গতি বাড়বে। পাশাপাশি দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শিল্পায়ন, দেশি-বিদেশি বিনিয়োগ, কর্মসংস্থান এবং সরকারের রাজস্ব আয় বৃদ্ধির নতুন সম্ভাবনা তৈরি হবে। তবে প্রকল্পের সুফল পুরোপুরি পেতে পশুর চ্যানেলের নাব্যতা রক্ষা, নিয়মিত ড্রেজিং এবং সড়ক ও রেল যোগাযোগের উন্নয়ন নিশ্চিত করাও জরুরি। একই সঙ্গে সুন্দরবনের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় উন্নয়ন কার্যক্রমে পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বপূর্ণ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)