নিজস্ব প্রতিবেদক : দীপাবলি (কালীপূজা) উপলক্ষে আজ সোমবার (৯ নভেম্বর) বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বেনাপোল কাস্টমস হাউস ও বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকবে। এছাড়া দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচলও স্বাভাবিক থাকবে। আগামীখাল মঙ্গলবার সকাল থেকে আবারও আমদানি-রপ্তানি শুরু হবে। বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি বিষয়টি নিশ্চিত করে বলেন, দীপাবলি উপলক্ষে ভারতের পেট্রাপোলের ব্যবসায়ীরা সোমবার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখবেন। রোববার বিকেল থেকেই পেট্রাপোল বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ হয়ে যাবে। এ বিষয়ে তারা চিঠি দিয়ে জানিয়েছেন। তবে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। বেনাপোল বন্দর ও কাস্টমসে কাজ চলবে। মঙ্গলবার সকাল থেকে আবারও আমদানি-রপ্তানি শুরু হবে। ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বলেন, দীপাবলি উপলক্ষে সোমবার ভারতে সরকারি ছুটি থাকায় আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। এ বিষয়ে বেনাপোল বন্দরের ব্যবসায়ীদের আগেই চিঠি দিয়ে জানানো হয়েছে। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, কালীপূজার ছুটিতে পণ্য পরিবহন বন্ধ থাকলেও ভারত ও বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। দুই দেশের যাত্রীরা স্বাভাবিক নিয়মে যাতায়াত করতে পারবেন।