নিজস্ব প্রতিবেদক : ইয়াবার মামলায় বেনাপোলের মাদক ব্যবসায়ী আব্দুল মালেককে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে যশোরের একটি আদালত। সোমবার (৯ নভেম্বর) যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ লস্কার সোহেল রানা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আব্দুল মালেক আদালতে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত আব্দুল মালেক বেনাপোলের বড়আচড়া গ্রামের দক্ষিণপাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৩ আগস্ট বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল মালেকর বাড়িতে অভিযান চালায় বিজিবি। এ সময় তাকে আটক ও তার দেহ তল্লাশি করে একটি নীল পলিপ্যাক থেকে ১৩২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় ২১/ডি কোম্পানি, দৌলতপুর বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মঞ্জুর রহমান বাদী হয়ে আটক আব্দুল মালেকের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায় আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।