Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শালিখায় দুই ক্লিনিকে ভুয়া চিকিৎসক দিয়ে অস্ত্রোপচারের অভিযোগ

এখন সময়: সোমবার, ৯ নভেম্বর , ২০২৬, ১০:০৩:০৬ পিএম
শালিখায় দুই ক্লিনিকে ভুয়া চিকিৎসক  দিয়ে অস্ত্রোপচারের অভিযোগ

মাগুরা প্রতিনিধি : মাগুরার শালিখা উপজেলার টেকেরহাট বাজারের পপুলার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও ফাতেমা ক্লিনিকের বিরুদ্ধে ওটি বয় দিয়ে সিজারিয়ানসহ বিভিন্ন অস্ত্রোপচার পরিচালনা, প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স না রাখা এবং অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সচেতন মহলের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সিভিল সার্জন। জেলা প্রশাসক ও জেলা সিভিল সার্জন বরাবর দেওয়া লিখিত অভিযোগে বলা হয়েছে, টেকেরহাট বাজারের ওই দুই ক্লিনিকে নিয়মবহির্ভূতভাবে চিকিৎসাসেবা পরিচালনা করা হচ্ছে। অভিযোগে লক্ষ্মণ নামের এক ব্যক্তিকে ওটি বয় হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, তিনি চিকিৎসক না হয়েও সিজারিয়ানসহ বিভিন্ন অস্ত্রোপচার পরিচালনা করছেন। এ ছাড়া ক্লিনিকগুলোতে পর্যাপ্ত ডিপ্লোমা নার্স ও নিয়মিত দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক না থাকার অভিযোগও আনা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, ডা. সাদিয়া আফরোজ তুলি নামের একজন চিকিৎসকের পরিচয় সামনে রেখে অস্ত্রোপচার করা হচ্ছে। তাঁর বিএমডিসি নিবন্ধনের মেয়াদ নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফাতেমা ক্লিনিকের পরিচালক আনোয়ার হোসেন বলেন, লক্ষ্মণ নামের ওই ব্যক্তি আগে তাঁদের প্রতিষ্ঠানে ছিলেন। তবে তিনি কোনো অস্ত্রোপচার করতেন না। ল্যাব টেকনোলজির পরীক্ষা-নিরীক্ষার কাজ করতেন। বর্তমানে তিনি সেখানে কর্মরত নন বলেও দাবি করেন তিনি। ক্লিনিকের চিকিৎসক হিসেবে সুব্রত, সাদিয়া আফরোজ তুলি, রাফসান ও আলিমুজ্জামানের নাম উল্লেখ করেন তিনি। একই সঙ্গে ক্লিনিকের কাগজপত্র নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে সরাসরি উপস্থিত হয়ে দেখে যাওয়ার আহ্বান জানান। অন্যদিকে, স্থানীয় আরেক ক্লিনিক এর পরিচালক মিলন নামের ব্যক্তির সঙ্গে কথা হলে তিনি জানান, লক্ষ্মণ নামের ওই ব্যক্তিকে চিকিৎসক হিসেবে তিনি জানেন না। তবে বিভিন্ন জায়গায় তাঁর অস্ত্রোপচার করার কথা শুনেছেন বলে জানান। যদিও কোন প্রতিষ্ঠানে তিনি অস্ত্রোপচার করেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য দিতে পারেননি তিনি। এ বিষয়ে অভিযুক্ত লক্ষণের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। এ বিষয়ে মাগুরার সিভিল সার্জন ডা. শামীম কবির বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি শালিখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে চিঠির মাধ্যমে জানানো হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)